ধর্মীয় ভাবগাম্ভীর্যে জৈন্তাপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা, হাজারো ভক্তের অংশগ্রহণ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল ভক্তসমাগমের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা সদরের নিজপাট লামাপাড়ায় শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ, জৈন্তাপুর শাখার উদ্যোগে লামাপাড়া মহাপ্রভুর আখড়া থেকে এক বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। রথযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন। ভক্তদের ধর্মীয় সঙ্গীত, নামসংকীর্তন ও উৎসবমুখর উপস্থিতিতে পুরো এলাকা আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবসেবার চেতনাই রথযাত্রা মহোৎসবের মূল শিক্ষা। ধর্মীয় উৎসব কোনো একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে ভ্রাতৃত্ব, শান্তি, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। জগন্নাথদেবের রথযাত্রা মানবকল্যাণ, নৈতিকতা ও সহিষ্ণুতার বার্তা বহন করে।
বক্তারা আরও বলেন, শতাব্দীপ্রাচীন এই ধর্মীয় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলের সম্মিলিত সহযোগিতায় সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব উদযাপন করলে সমাজে শান্তি, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি আরও সুসংহত হবে। এ সময় তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ উৎসব আয়োজনে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা এবং ওসি (তদন্ত) উসমান গনি।
রথযাত্রার পুরো আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণত দেব, সহ-সভাপতি নান্টু দেব, লামাপাড়া মহাপ্রভু আখড়ার সভাপতি শ্যামল পুরকায়স্থ, শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সভাপতি নদিয়া গৌরহরি দাস নিপেশ, সহ-সভাপতি জয়বল্লব দাস আপন, সাধারণ সম্পাদক পাণ্ডব মাধব দাস প্রশান্ত, সহ-সাধারণ সম্পাদক দেবদেব দাস দেবাস, সাংগঠনিক সম্পাদক উরক্রম চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র দে, অর্থ সম্পাদক জীবন কৃষ্ণ দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ভক্তবৃন্দ।