শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ, জৈন্তাপুরে পালিত জুলাই শহীদ দিবস
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত হাবিবুল্লাহ শিকদার, মাহমুদ হোসাইন, কাজী নূর উদ্দিন ও আব্দুল্লাহ ইলিয়াছ জুলাই-২০২৪-এর স্মৃতিচারণ করেন। এ সময় তাঁরা নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল।
বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ শামসুজ্জামান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।