দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ওষুধের দোকানকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ।
অভিযানে সুনামগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা এবং দিরাই থানা পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান সূত্রে জানা যায়, থানা রোড এলাকার চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফ্রিজে নির্ধারিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা এবং ফার্মেসি পরিচালনায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ঔষধ আইনের আওতায় অনুকূল ফার্মেসিকে ৩০ হাজার টাকা, লতিফ ফার্মেসিকে ২০ হাজার টাকা, দিরাই ফার্মাকে ২০ হাজার টাকা এবং সেন মার্কেটের পি. টি. রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।