মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ছাতকে ৩ জনকে কারাদণ্ড
ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে ছাতক থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক সেবনের দায়ে হেলাল আলী (২৮)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, আছমত আলী (৩৬)-কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং তোফায়েল আহমদ (২৩)-কে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।