logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২২ এপ্রিল ২০২৬ ১১:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে নদীতে পানি বৃদ্ধি, আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার তাগিদ

চ্যানেল জৈন্তা নিউজ ২২ এপ্রিল ২০২৬ ১১:২৭ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২২ এপ্রিল ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
জগন্নাথপুরে নদীতে পানি বৃদ্ধি, আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার তাগিদ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদ-নদীতে ঢলের পানি বেড়ে যাওয়ায় আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ করে পানির উচ্চতা বৃদ্ধি ও স্রোতের তীব্রতা বাড়ায় শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। এ পরিস্থিতিতে দ্রুত বোরো ধান কাটার জন্য কৃষকদের প্রতি তাগিদ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


গত কয়েক দিন ধরে উপজেলার নলজুর নদীসহ বিভিন্ন নদীতে উজান থেকে নতুন পানি আসতে শুরু করে। তবে বুধবার (২২ এপ্রিল) থেকে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধি পায় এবং প্রবল গতিতে নদীতে পানি প্রবাহিত হতে থাকে। এতে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্যের ভিত্তিতে পাউবো জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ অন্যান্য নদীর উজান এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় পানি দ্রুত বাড়ছে। আগামী কয়েকদিন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং যে কোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।


এ অবস্থায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে যেসব জমির প্রায় ৮০ ভাগ ধান পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কাটার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শেখ ফরিদ।


এদিকে নদীতে নতুন পানি আসায় স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে দেখা দিয়েছে আনন্দের আমেজ। দলবদ্ধভাবে তারা নলজুর নদীতে সাঁতার কাটছে। একই সঙ্গে সৌখিন শিকারিরাও জাল ও বিভিন্ন ফাঁদ ব্যবহার করে মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন।


স্থানীয়দের কেউ কেউ জানান, বৈশাখ মাসে নদী ও হাওরে পানি আসা গ্রামবাংলার স্বাভাবিক চিত্র। নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং পরিবেশের জন্য তা উপকারী হবে। তবে এ পানি যদি ফসলের ক্ষতি না করে, তাহলে এটি মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14927
Page of