logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৫ এপ্রিল ২০২৬ ১১:১৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগ: শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ এপ্রিল ২০২৬ ১১:১৮ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ এপ্রিল ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগ: শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম. আব্দুল হাই ডনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চুসহ অন্যান্যরা।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ড সদস্য আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে উপজেলার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ব্যক্তিস্বার্থে প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি এবং স্বাক্ষর জালিয়াতির মতো কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে চার গ্রামের মানুষ এক হয়ে প্রতিবাদ কর্মসূচিও পালন করে। তবে অদৃশ্য কারণে প্রশাসন ও সংশ্লিষ্ট মহল থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।


বক্তারা আরও বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক এহসান বিন মুজাহির। সংবাদ প্রকাশের পর আলতাফুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ করা হয়।


সাংবাদিক নেতারা বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংবাদিকদের সাংবিধানিক অধিকার। মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।


সমাবেশ থেকে অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।


প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14772
Page of