শ্রীমঙ্গলে বিতর্কিত বিএনপি নেতা আলতাফকে দল থেকে বহিষ্কার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
নানা অভিযোগ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির (আহ্বায়ক কমিটি) সদস্য মো. আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিল্লাদ হোসেন মিরাশদার এবং যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আলতাফুর রহমানের বিরুদ্ধে আশীদ্রোণ ইউনিয়নের চারটি গ্রামের সাধারণ মানুষের নামে একাধিক মামলা দিয়ে হয়রানি, সরকারি বিভিন্ন অফিসে দলীয় পরিচয়ে প্রভাব বিস্তার, সাংবাদিকের বিরুদ্ধে মামলা, ভুয়া স্কুল স্থাপন করে সরকারি বই সংগ্রহ ও তা ভাঙারির দোকানে বিক্রিসহ নানা কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব ঘটনায় নিজ দলের নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া সম্প্রতি পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম লিয়াকত, আশীদ্রোণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করে মামলাও দায়ের করেন তিনি।
এসব ঘটনার প্রতিবাদে গত ১৩ এপ্রিল শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর তিন দিনের মাথায় দলীয়ভাবে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
এদিকে, দলীয় এ সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, আশীদ্রোণ ইউনিয়নের চার গ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে ভোগান্তি ও আতঙ্কে ছিলেন।