logo
চ্যানেল জৈন্তা নিউজ
অপরাধ ১৫ এপ্রিল ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ৫০ লাখ টাকার ভারতীয় জিরা-কসমেটিক্সসহ আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ এপ্রিল ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন অপরাধ
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ এপ্রিল ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন
সিলেটে ৫০ লাখ টাকার ভারতীয় জিরা-কসমেটিক্সসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলাতে চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।


র‍্যাব সূত্রে জানা যায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই র‍্যাব মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল ১৩ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফেঞ্চুগঞ্জ থানাধীন পালবাড়ী মোড় এলাকায় অবস্থান নেয়।


গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মাইজগাঁও এলাকার একটি খেলার মাঠের পাশে পাকা রাস্তায় একটি ট্রাকে চোরাচালানের ভারতীয় পণ্য রাখা হয়েছে। পরে রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে তিনজন ব্যক্তি ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা হয় এবং একজন কৌশলে পালিয়ে যায়।


আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাকে ভারতীয় জিরা ও কসমেটিক্স রয়েছে। পরে ট্রাক তল্লাশি করে ১৩৪টি বস্তায় থাকা ৪,১২০ কেজি ভারতীয় জিরা এবং ১৬ কার্টুনে ৫,৭৬০ পিস গোমেলা ক্রিম জব্দ করা হয়। ব্যবহৃত ট্রাকসহ এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানায় র‍্যাব।


গ্রেফতারকৃতরা হলেন—মো. আব্দুল করিম (৩৭), পিতা ইউসুফ আলী, সাং তালে পাড়া, থানা শাহপরান, সিলেট এবং মো. মোসা খাঁন (২১), পিতা শুকুর খাঁন, সাং বলাকৈর, গোপালগঞ্জ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, পলাতক ব্যক্তির সঙ্গে যোগসাজশে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।


পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে র‍্যাব-৯ নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে র‍্যাব-৯ এর জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14765
Page of