শিরীন শারমিন চৌধুরী কারাগারে, রিমান্ড ও জামিন নামঞ্জুর
ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-এর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহসীন উদ্দীন আসামিকে দুদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, গ্রেফতার এবং প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের স্বার্থে রিমান্ড প্রয়োজন। তবে শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়। পরে লালবাগ থানার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।
রিমান্ড আবেদনে ডিবি জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এ সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করে।
এ ঘটনায় আন্দোলনকারী আশরাফুল ফাহিম গুরুতর আহত হন। তার বাম চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে ২০২৫ সালের ১৭ জুলাই তিনি লালবাগ থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনা-র নির্দেশে ওবায়দুল কাদের, বিপ্লব বড়ুয়া ও আসাদুজ্জামান খান কামাল-এর পরিকল্পনা ও নির্দেশনায় পুলিশ সদস্য এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এ মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে।