চোরাকারবারিদের বেপরোয়া যান চলাচলে অতিষ্ঠ হেমু তিনপাড়া, নিরাপত্তা চেয়ে স্মারকলিপি
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু তিনপাড়া এলাকায় চোরাকারবারিদের বেপরোয়া যান চলাচল বন্ধ, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
হেমু তিনপাড়ার সর্বস্তরের জনগণ ও সচেতন নাগরিকদের পক্ষে হাঃ কামরুল ইসলাম বাবর স্বাক্ষরিত স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপিতে বলা হয়, হেমু তিনপাড়া এলাকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ। সম্প্রতি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বেপরোয়া যান চলাচলের কারণে এলাকার সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, চোরাকারবারিরা দিন-রাত জনপদের প্রধান সড়ক দিয়ে দ্রুতগতিতে যানবাহন চালাচ্ছে। ভারী ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে সড়কটি বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্মারকলিপিতে সম্প্রতি টমটম ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে বলে দাবি করা হয়।
হাঃ কামরুল ইসলাম বাবর বলেন, “হেমু তিনপাড়া একটি প্রাচীন জনপদ। এখানকার সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান। কিন্তু বেপরোয়া যান চলাচল ও চোরাচালানের কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করতে হবে।”
তিনি আরও বলেন, “সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপন, নিয়মিত পুলিশি টহল এবং প্রয়োজনে চেকপোস্ট স্থাপন করা হলে অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “দিন-রাত দ্রুতগতিতে বিভিন্ন যানবাহন চলাচল করায় আমরা আতঙ্কের মধ্যে থাকি। রাস্তার অবস্থাও ভালো নয়। কখন কী দুর্ঘটনা ঘটে, তা নিয়ে সবাই চিন্তিত। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।”
এলাকাবাসীর দাবিগুলোর মধ্যে রয়েছে—হেমু তিনপাড়া এলাকায় চোরাকারবারিদের অবৈধ যাতায়াত ও যান চলাচল বন্ধ করা, গুরুত্বপূর্ণ মোড়ে স্পিড ব্রেকার স্থাপন, নিয়মিত পুলিশি টহল জোরদার, প্রয়োজনে স্থায়ী তল্লাশি চৌকি স্থাপন এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করে জনচলাচলের উপযোগী করা।
স্মারকলিপিতে হেমু তিনপাড়া জনপদের ঐতিহ্য রক্ষা এবং স্থানীয় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনার, সিলেট; ডিআইজি, সিলেট; পুলিশ সুপার, সিলেট; উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর; সহকারী কমিশনার (ভূমি), জৈন্তাপুর; সহকারী পুলিশ সুপার, কানাইঘাট সার্কেল; অফিসার ইনচার্জ, জৈন্তাপুর মডেল থানা এবং সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের দায়িত্বশীলদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, হেমু তিনপাড়া এলাকায় অতীতেও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধারের খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে হেমু তিনপাড়া সড়কের দুরবস্থা ও বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ও সংবাদে উঠে এসেছে।