logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৯ মার্চ ২০২৬ ০২:৫২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফ চাল কেড়ে নেওয়ার অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মার্চ ২০২৬ ০২:৫২ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মার্চ ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফ  চাল কেড়ে নেওয়ার অভিযোগ

প্রতিনিধি আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)।।

ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা সরকারি ভিজিএফের চাল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ড সদস্য অমরেশ তালুকদারের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।

উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো বদলপুর ইউনিয়নেও সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় ১ হাজার ১০০টিপরিবারকে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর আগে উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছিল।


অভিযোগ রয়েছে, ৫নং ওয়ার্ডের কয়েকজন উপকারভোগী চাল নিয়ে চলে যাওয়ার পর তাদের ডেকে এনে চাল কেড়ে নেওয়া হয়। ইউপি সদস্য অমরেশ তালুকদারের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়।


উপকারভোগী আছিয়া বেগম বলেন, "চালের বস্তা নিয়ে বাড়ির পথে রওনা দেওয়ার পর আমাকে ডেকে এনে বস্তাটি নেন অমরেশ মেম্বার। একইভাবে আরও কয়েকজনের চাল নেওয়া হয়েছে।"


সংরক্ষিত নারী আসনের এক সদস্যের বরাতে ৫নং ওয়ার্ডের সদস্য অরুণ কুমার তালুকদার বলেন, "আমি তালিকা প্রস্তুত করে নারী সদস্যের কাছে দিয়েছি। তিনিই চাল বিতরণ করেছেন। পরে কয়েকজনের চাল কেড়ে নেওয়ার কথা শুনেছি।"


তবে অভিযুক্ত ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য অমরেশ তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, "চালের সুষ্ঠু বণ্টন না হওয়ায় আমি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বলেছিলাম।"


ইউপি চেয়ারম্যান শুশেনজিৎ চৌধুরী চাল কেড়ে নেওয়ার ঘটনা স্বীকার করে বলেন, "সমন্বয়হীনতার কারণে এমনটি হয়েছে। সংশ্লিষ্ট সদস্য ঠিক কাজ করেননি।"


উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, "ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।"

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14142
Page of