logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০১ জুন ২০২৬ ০২:২৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
৪,১৮১ পর্যটক থেকে প্রায় ৫ লাখ টাকা আয়

লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদে পর্যটকের ঢল, ৪ দিনে রেকর্ড রাজস্ব আদায়

চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ০২:২৫ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ০১ জুন ২০২৬ ০২:২৫ অপরাহ্ন
লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদে পর্যটকের ঢল, ৪ দিনে রেকর্ড রাজস্ব আদায়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদুল আজহার ছুটিতে পর্যটকের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের দিন থেকে শুরু করে রবিবার (৩১ মে) পর্যন্ত চার দিনে এ উদ্যানে দেশি-বিদেশি মিলিয়ে ৪ হাজার ১৮১ জন পর্যটক ভ্রমণ করেছেন।


এ সময় প্রবেশ টিকিট বাবদ ৪ লাখ ৯৭ হাজার ৮৫২ টাকা সরকারি রাজস্ব আয় হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।


বন বিভাগ সূত্র জানায়, ঈদের ছুটিতে যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে প্রকৃতির সান্নিধ্য নিতে হাজারো মানুষ ছুটে আসেন এই চিরসবুজ বনে। চার দিনের পরিসংখ্যানে দেখা যায়, পর্যটকদের মধ্যে অধিকাংশই দেশি হলেও ২৭ জন বিদেশি পর্যটকও ছিলেন।


ঈদের দিন থেকেই পর্যটকের সমাগম বাড়তে থাকে, যা রবিবার পর্যন্ত অব্যাহত ছিল। বনের ভেতরের সুউচ্চ গাছপালা, বানর, উল্লুক ও চশমা পরা হনুমানের দেখা পেতে বিভিন্ন বয়সী পর্যটকদের ভিড় লক্ষ করা যায়।


কক্সবাজার থেকে আসা পর্যটক আব্দুল খালিক জানান, ঈদের আগেই তারা শ্রীমঙ্গল পৌঁছান এবং কয়েক দিন থাকার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, চা-বাগান, লেক ও আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন তারা। গরম কিছুটা বেশি থাকলেও প্রকৃতির সৌন্দর্যে ভ্রমণের আনন্দ কমেনি।


কমলগঞ্জের দর্শনীয় স্থানগুলোর মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত এবং বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ উল্লেখযোগ্য।


পর্যটকদের নিরাপত্তা ও বনের পরিবেশ রক্ষায় বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। একই সঙ্গে প্লাস্টিক বর্জন ও বনের নিরবতা বজায় রাখতে প্রচার কার্যক্রমও চালানো হয়।


লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কালেক্টর অজানা আহমেদ কামরান বলেন, ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে পর্যটক কম থাকলেও তৃতীয় দিন থেকে ভিড় অনেক বেড়ে যায়। চার দিনে মোট ৪ হাজার ১৮১ জন পর্যটকের কাছ থেকে ৪ লাখ ৯৭ হাজার ৮৫২ টাকা রাজস্ব আদায় হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15757
Page of