logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৪ মে ২০২৬ ১১:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান: ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ মে ২০২৬ ১১:৪১ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ মে ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান: ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ :

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বিশেষ অভিযানে ৯ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ গাড়িও জব্দ করা হয়।


হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং চুনারুঘাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত শুক্রবার (২৩ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানাধীন ৭নং উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ এলাকায় চুনারুঘাট-নতুনব্রীজ সড়কের বকুল ফুল ফুড সুইট নামীয় মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন একটি নীল রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ি থেকে ৯ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।


এ ঘটনায় মাদক কারবারে জড়িত অভিযোগে আল আমিন বক্স (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের মৃত রহিম বক্সের ছেলে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে।


চুনারুঘাট থানার পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।


এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15603
Page of