শুধু পাস নয়, মেধাবী ও সুনাগরিক হতে হবে: গোলাপগঞ্জে এমপি এমরান চৌধুরী
গোলাপগঞ্জ প্রতিনিধি
কেবল পরীক্ষায় পাস কিংবা ভালো ফল অর্জনই শিক্ষার মূল লক্ষ্য হতে পারে না; মেধাবী, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে নতুন প্রজন্মকে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম প্রজন্ম গড়ে তুলতে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে গুণগত শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন প্রজন্মকে শুধু বিদেশমুখী না করে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখার মতো যোগ্য করে গড়ে তুলতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার (২ নভেম্বর) গোলাপগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, প্রাথমিক শিক্ষায় মিড-ডে মিল চালুর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে স্কুলব্যাগ, জুতা ও ইউনিফর্ম দেওয়ার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। তোমাদেরকেই গোলাপগঞ্জের শিক্ষার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’ ভালোভাবে পড়াশোনা করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি বলেন, মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী। সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির ও মাহফুজ আহমদ চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. ছবেদ আলী, দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস শাকুর, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল এবং জামেয়ার প্রাক্তন কৃতী শিক্ষার্থী ডা. বিশ্বজিৎ কুমার সিংহ।
অনুষ্ঠানের শুরুতে নবম শ্রেণির শিক্ষার্থী হাফিজ আব্দুস সালাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। বক্তব্য দেন জামেয়ার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মো. সেলিম আহমদ এবং সিনিয়র শিক্ষক মো. আব্দুস শাকুর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।