দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে জিপিএ-৫, মৌমিকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিলেটের ডিসি
সিলেট:
দৃষ্টিশক্তিহীনতা কোনো বাধা হতে পারেনি মেধা ও অধ্যবসায়ের পথে। প্রতিকূলতাকে জয় করে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি। তাঁর এ অসাধারণ সাফল্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মৌমিকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় গ্রিন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তাঁর এ অসাধারণ সাফল্য শুধু পরিবার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গর্বের।
তিনি বলেন, প্রতিকূলতাকে জয় করে অধ্যবসায়, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্য অর্জন করা সম্ভব, তাহমিনা আক্তার মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত।
জেলা প্রশাসক আরও বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনো মেধা, মনোবল ও স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। মৌমির এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মৌমির এ সাফল্য প্রমাণ করে, অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে প্রতিকূলতাকেও জয় করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।