logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ০৩ নভেম্বর ২০২৬ ১২:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, প্রত্যাহার দুই পুলিশ সদস্য

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ১২:০৯ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, প্রত্যাহার দুই পুলিশ সদস্য

যশোর :

যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্মৃতিস্তম্ভের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।


সোমবার (২ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে দুই ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। এ সময় একজনকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।


ঘটনার পর সোমবার দুপুরে স্মৃতিস্তম্ভের গায়ে আগুনে পোড়ার কালো চিহ্ন দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।


যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্মৃতিস্তম্ভ চত্বরে দুজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। সোমবার রাতেও তাঁরা দায়িত্বে ছিলেন। এর মধ্যেই দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভ চত্বরে প্রবেশ করে আগুন দিয়ে পালিয়ে যায়।


তিনি আরও বলেন, স্মৃতিস্তম্ভের পাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18574
Page of