logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ নভেম্বর ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে সিএনজির গোপন কুঠুরিতে ৬৮ বোতল ভারতীয় মদ, আটক ৩

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন
জৈন্তাপুরে সিএনজির গোপন কুঠুরিতে ৬৮ বোতল ভারতীয় মদ, আটক ৩

জৈন্তাপুরে সিএনজির গোপন কুঠুরিতে ৬৮ বোতল ভারতীয় মদ, আটক ৩


জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৬৮ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।


মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দরবস্ত বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেটগামী একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার টহল দলের নেতৃত্বে এসআই সুমিত আহমেদসহ পুলিশের সদস্যরা দরবস্ত বাজার এলাকায় সিএনজিটির গতিরোধ করেন। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের পেছনের দরজার ভেতরে বিশেষভাবে রাখা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।


উদ্ধার করা মদের মধ্যে রয়েছে—আইকনিক ব্র্যান্ডের ৭৭৫ মিলিলিটারের বড় বোতল ১০টি ও ছোট বোতল ৩০টি এবং রয়েল গ্রিন ব্র্যান্ডের বড় বোতল ৫টি ও ছোট বোতল ২৩টি। সব মিলিয়ে মোট ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।


এ ঘটনায় সিএনজি চালকসহ মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন—জৈন্তাপুর উপজেলার পীরের বাজার মোকামেরগুল এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে রবিউল মিয়া (২৬), উত্তর মোকামেরগুল এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে সালমান আহমদ (২০) এবং একই এলাকার পীরের বাজারের স্বপন আহমেদের ছেলে রাহাত আহমেদ (২১)।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18598
Page of