পাঁচ বছরে সিলেট নগরীর সব সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ করা হবে: সিসিক প্রশাসক
সিলেট , সিলেট: আগামী পাঁচ বছরের মধ্যে সিলেট মহানগরীর প্রতিটি সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, নগরীর কোনো রাস্তা আর কাঁচা থাকবে না। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটের সড়ক অবকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর ৩৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের সড়ক উন্নয়নকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনো মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়ে গেছে। অতীতে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। বর্তমান উদ্যোগের মাধ্যমে নগরীর সড়ক অবকাঠামোর উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলো এখনো অনেকটা অনুন্নত। এসব এলাকার বাসিন্দারা কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বর্ধিত ওয়ার্ডগুলোকে উন্নয়নের মূলধারায় আনতে সিটি করপোরেশন কাজ করছে। এরই অংশ হিসেবে এসব এলাকায় ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ভূমিকার কথা উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মন্ত্রী সিলেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। নগরীর প্রতিটি সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীর চেহারা পাল্টে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, নগরীর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ কমাতে পর্যায়ক্রমে সব সড়ক সম্প্রসারণ ও পাকাকরণের কাজ বাস্তবায়ন করা হবে।