৪৭ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.৬৩, ২৭ বছর পর পড়াশোনায় ফিরেই সাফল্য
বয়স যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তা প্রমাণ করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম। ৪৭ বছর বয়সে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এসএসসি পাসের দীর্ঘ ২৭ বছর পর আবারও পড়াশোনায় ফিরে তাঁর এই সাফল্য এলাকায় প্রশংসা কুড়াচ্ছে। একই সঙ্গে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া কিংবা বয়সের কারণে নতুন করে শিক্ষাজীবন শুরু করতে দ্বিধায় থাকা মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি।
আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তুরাব আলীর ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর পারিবারিক দায়িত্ব ও জীবিকার তাগিদে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সংসার ও কাজের ব্যস্ততা বাড়লেও উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন ছাড়েননি তিনি।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে আরও শিক্ষিত করে গড়ে তোলার তাগিদ থেকেই নতুন করে পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন আমিনুল ইসলাম। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর সংসার, ব্যক্তিগত কাজ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ব সামলে শুরু করেন শিক্ষাজীবনের নতুন পথচলা।
দীর্ঘ ২৭ বছরের বিরতির পর আবার বই-খাতা হাতে নেওয়া তাঁর জন্য সহজ ছিল না। বয়সের সঙ্গে বেড়েছে দায়িত্ব ও ব্যস্ততা। দিনের কাজ শেষে অবসর সময়ে পড়াশোনার জন্য সময় বের করতেন তিনি। নিয়মিত অধ্যবসায় ও প্রবল ইচ্ছাশক্তিকে সম্বল করে চালিয়ে যান পরীক্ষার প্রস্তুতি।
অবশেষে গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৬৩ অর্জন করেন আমিনুল ইসলাম। তাঁর এ সাফল্য শুধু ব্যক্তিগত স্বপ্ন পূরণ নয়, বরং প্রমাণ করেছে—শেখার আগ্রহ ও ইচ্ছাশক্তি থাকলে বয়স কখনোই শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।