logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ নভেম্বর ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

খাদিমপাড়াবাসীর ভালোবাসায় কৃতজ্ঞ চেয়ারম্যান বদরুল আজাদ

খাদিমপাড়ার মানুষই আমার শক্তি, আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি’
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন
খাদিমপাড়াবাসীর ভালোবাসায় কৃতজ্ঞ চেয়ারম্যান বদরুল আজাদ

সিলেট :

সিলেট সদর উপজেলার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ইউনিয়নবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর প্রতি আস্থা ও ভালোবাসা নিয়ে সাম্প্রতিক মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) সিলেট নগরের সুরমা গেট বাইপাস পয়েন্টে আয়োজিত মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রবীণ, তরুণসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তীব্র গরম উপেক্ষা করে মানুষের এমন উপস্থিতি ও সমর্থনে অভিভূত হয়েছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ।

এক কৃতজ্ঞতা বার্তায় তিনি বলেন, খাদিমপাড়া ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ। এই ভালোবাসা তাঁকে আরও বেশি দায়িত্বশীল করেছে। মানুষের এই সমর্থন তাঁর দায়িত্ব পালনের পথচলায় নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ বলেন, সাম্প্রতিক এক্সেলসিয়র রিসোর্টের ঘটনার সঙ্গে তাঁকে জড়িয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ও খাদিমপাড়া ইউনিয়নের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, ওই ঘটনার সঙ্গে তাঁকে জড়ানোর কোনো ভিত্তি নেই। বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, মানববন্ধনে মানুষের অংশগ্রহণ ঠেকাতে বিভিন্ন গ্রামে ফোন করে নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। নানা বাধা ও প্রতিকূলতার মধ্যেও ইউনিয়নবাসী মানববন্ধনে অংশ নিয়ে তাঁদের অবস্থান ও সমর্থন প্রকাশ করেছেন। এ জন্য তিনি সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।

বদরুল ইসলাম আজাদ বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাঁর সবচেয়ে বড় শক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবসময় ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও সুখে-দুঃখে, বিপদে-আপদে মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে সবার সহযোগিতা কামনা করেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মানুষের এই অকৃত্রিম ভালোবাসা তাঁর কাছে অনেক বড় প্রাপ্তি। যারা প্রতিকূলতা উপেক্ষা করে মানববন্ধনে উপস্থিত হয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিকভাবে ঋণী। তাঁদের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষায় তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা অব্যাহত রাখবেন।

তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্র বা অপপ্রচারে যেন এলাকার মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি এলাকার স্বার্থে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

কৃতজ্ঞতা বার্তার শেষাংশে চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ বলেন, ‘খাদিমপাড়ার মানুষই আমার শক্তি, আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’ ভবিষ্যতেও ইউনিয়নবাসীর ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি সব ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করে মানুষের কল্যাণে কাজ করার শক্তি চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18516
Page of