সিলেট-তামাবিল সড়কে নতুন বাসভাড়া কার্যকর, জৈন্তাপুর-জাফলং যেতে কত লাগবে?
জৈন্তাপুর :
সিলেট-তামাবিল সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। সিলেটের সোবহানীঘাট থেকে বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন গন্তব্যসহ কানাইঘাট ও গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে যাতায়াতে দূরত্ব অনুযায়ী এ ভাড়া নির্ধারণ করেছে সিলেট তামাবিল মোটর মালিক গ্রুপ ও সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতি।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাস-মিনিবাস মালিক সমিতির প্রতিনিধি এবং ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির মুরব্বিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নতুন ভাড়ার তালিকা চূড়ান্ত করা হয়।
বৈঠকে নেতৃবৃন্দ জানান, ডিজেলসহ পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত তালিকা অনুযায়ী, সোবহানীঘাট থেকে ইসলামপুর ৫ কিলোমিটারে ১০ টাকা, শাহপরান ৭ কিলোমিটারে ১৫ টাকা, বুলাইমিল ২০ টাকা, দাশপাড়া ৯ কিলোমিটারে ২০ টাকা, পরগনা ১১ কিলোমিটারে ২৫ টাকা, পীরের বাজার ১২ কিলোমিটারে ২৫ টাকা, বটেশ্বর ১৪ কিলোমিটারে ৩০ টাকা, শুক্রবারী বাজার ১৬ কিলোমিটারে ৩৫ টাকা, চিকনাগুল ১৭ কিলোমিটারে ৩৫ টাকা এবং বিপিএল গেট ১৯ কিলোমিটারে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া হরিপুর ২২ কিলোমিটারে ৪৫ টাকা, বাঘের সড়ক ২৮ কিলোমিটারে ৬০ টাকা, দামড়ি ২৯ কিলোমিটারে ৬০ টাকা, দিঘীরপাড় ৩১ কিলোমিটারে ৬৫ টাকা, দরবস্ত ৩৩ কিলোমিটারে ৭০ টাকা, সারীঘাট দক্ষিণ ৩৬ কিলোমিটারে ৭৫ টাকা, সারীঘাট উত্তর ৩৭ কিলোমিটারে ৮০ টাকা, ফেরীঘাট ৪০ কিলোমিটারে ১৮৫ টাকা, জৈন্তাপুর ৪১ কিলোমিটারে ৮৫ টাকা, ৪ নম্বর বাংলাবাজার ৪৫ কিলোমিটারে ৯৫ টাকা, আদগ্রাম ৪৭ কিলোমিটারে ১০০ টাকা, শ্রীপুর ৪৮ কিলোমিটারে ১০০ টাকা, আলু বাগান ৫০ কিলোমিটারে ১০৫ টাকা, নলজুরী ৫১ কিলোমিটারে ১১০ টাকা, তামাবিল ৫৩ কিলোমিটারে ১১০ টাকা এবং জাফলং ৫৮ কিলোমিটারে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সোবহানীঘাট থেকে ভাইটগ্রাম ৩৫ কিলোমিটারে ৭৫ টাকা, মানিকপাড়া ৩৭ কিলোমিটারে ১৮০ টাকা, চতুলবাজার ৪০ কিলোমিটারে ৮৫ টাকা, ঈদগাহ ৪২ কিলোমিটারে ৯০ টাকা, বড়চতুল ৪৫ কিলোমিটারে ৯৫ টাকা, হকারাই ৪৭ কিলোমিটারে ১০০ টাকা, কানাইঘাট ৫১ কিলোমিটারে ১১০ টাকা, বারহাল ৪০ কিলোমিটারে ৮৫ টাকা, লাফনাউট ৪৪ কিলোমিটারে ৯০ টাকা, সাতাইন ৪৬ কিলোমিটারে ১০০ টাকা, হাতিরপাড়া ৪৯ কিলোমিটারে ১০৫ টাকা, গোয়াইনঘাট ৫২ কিলোমিটারে ১১০ টাকা এবং রাধানগর ৫৮ কিলোমিটারে ১২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শফিকুর রহমান বলেন, ডিজেলসহ পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন সড়কে চলাচলকারী যাত্রীদের নির্ধারিত ভাড়া মেনে নেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
তিনি আরও বলেন, যাত্রীদের সঙ্গে চালক ও হেলপারদের ভালো আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে যাত্রীদের কাছ থেকেও সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রত্যাশা করেন তাঁরা।
নতুন ভাড়ার তালিকা কার্যকর হওয়ার ফলে সিলেট-তামাবিল সড়ক এবং বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের ভাড়ার বিষয়ে নতুন করে হিসাব করতে হবে।