অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি, চেয়ারম্যান বদরুল আজাদের পক্ষে খাদিমপাড়ায় মানববন্ধন
সিলেট:
সিলেট সদর উপজেলার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদকে এক্সেলসিয়র রিসোর্টের ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ধরনের প্রচারণার প্রতিবাদে চেয়ারম্যানের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রবিবার (১ নভেম্বর) দুপুরে সুরমা গেট বাইপাস পয়েন্টে ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদকে এক্সেলসিয়র রিসোর্টের একটি ঘটনার সঙ্গে জড়িয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এতে একজন জনপ্রতিনিধির রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে। অথচ ওই ঘটনার সঙ্গে চেয়ারম্যানের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে। কিন্তু যাচাই-বাছাই ছাড়া কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থে একজন জনপ্রতিনিধির সম্মানহানি করার চেষ্টা বন্ধ করতে হবে।
‘অপপ্রচার বন্ধ না হলে রাজপথে কঠোর কর্মসূচি’
মানববন্ধন থেকে বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা অবিলম্বে বন্ধ করতে হবে। তাঁকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইউনিয়নবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হলে তা আর মেনে নেওয়া হবে না।
তাঁরা বলেন, একজন জনপ্রতিনিধির সম্মান রক্ষা শুধু তাঁর ব্যক্তিগত বিষয় নয়, এটি এলাকার মানুষের সম্মান ও মর্যাদার সঙ্গেও জড়িত। তাই সত্যতা যাচাই না করে কোনো ধরনের অপপ্রচার চালানো থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এরপরও যদি চেয়ারম্যানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার অব্যাহত থাকে, তাহলে খাদিমপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলেও তাঁরা জানান।
বিশিষ্ট মুরব্বি আব্দুর রহিম বাবুলের সভাপতিত্বে এবং ছাত্রনেতা রূপিয়ান আহমদ সবুজের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য আতাউর রহমান বাবুল, সিরাজ উদ্দিন, নিজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়জু, সাইদুর রহমান সাইদ, কামাল আহমদ, সমাজসেবী মো. হানিফ, লোকমান আহমেদ, ব্যবসায়ী শাহ জাকের, আলী আকবর, সমাজসেবক আবু সাইদ, মকবুল আলী ও এনামুল হক কুটি।
এ সময় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল মিয়া, ২ নম্বর ওয়ার্ডের মো. আলামিন, ৩ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের জুবের আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের শাহজাহান আলী, ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মচ্ছব্বির এবং ৯ নম্বর ওয়ার্ডের ফরিদ মিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সেলিনা আক্তার, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শাহানা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নাজিয়া বেগম অংশ নেন।
অন্যান্যদের মধ্যে স্থানীয় মুরব্বি লোকমান আলী, পারভেজ আহমদ, মুছাব্বির আলীসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বক্তারা চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকলে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর প্রতিবাদ গড়ে তোলার ঘোষণা দেন।