logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩০ অক্টোবর ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুই কেন্দ্রে অংশ নিল ৯৪৮ শিক্ষার্থী, ফল প্রকাশ ডিসেম্বরে
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন
জৈন্তাপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার দুটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চতুর্থ থেকে দশম শ্রেণির ৯৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত। ১০০ নম্বরের এ পরীক্ষা উপজেলার জৈন্তিয়া ডিগ্রি কলেজ ও জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে জৈন্তিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৪৫ জন এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শরিফ আহমদ। জৈন্তিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আলমগীর হোসেন।


পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান শিকদার, প্রধান পৃষ্ঠপোষক ফাতেহুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম এবং কিশোরকণ্ঠের সাবেক উপজেলা সভাপতি আব্দুল খালিক।


এ সময় কিশোরকণ্ঠ জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন ও মো. ইকবালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সকাল থেকেই কেন্দ্র দুটিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকেরা জানান, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তাঁরা নিয়মিত এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান।


পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও নিজেদের মেধা যাচাই ও বৃত্তি অর্জনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই প্রতিবছর এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।


আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট জেলা পূর্বের ১৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৪২৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী ডিসেম্বর মাসে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18443
Page of