logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২২ অক্টোবর ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর ও মেঘনার পাড়ে পার্ক নির্মাণের আশ্বাস হাফিজ উদ্দিন আহমদের

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

ভোলা :

আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি আওয়ামী লীগকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে বলেন, বাংলাদেশের জনগণ দলটিকে আর রাজনীতি করতে দেবে না। তাঁর এসব বক্তব্যের খবর বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশ করেছে।


বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।


স্পিকার অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে। দলটির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে লুটপাটের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


নিজ নির্বাচনী এলাকার অতীত রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০০১ সালের নির্বাচনে এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তোফায়েল আহমেদ। তিনি পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ঢাকা থেকে একজনকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান বলে দাবি করেন স্পিকার। ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি ও ঢাকায় একাধিক বাড়ি করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, ৫ আগস্টের পর ওই ব্যক্তি এসব সম্পদ রেখে সপরিবারে পালিয়ে যান।


তজুমদ্দিনকে পৌরসভা করার আশ্বাস


নির্বাচনী এলাকার উন্নয়নের বিষয়ে স্পিকার বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর করা হবে। এ ছাড়া স্থানীয় মানুষের বিনোদনের জন্য মেঘনা নদীর পাড়ে একটি পার্ক নির্মাণ করা হবে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু।


অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে স্পিকার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18290
Page of