logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২১ অক্টোবর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনীপ্রধান শেখ আব্দুল হান্নান

চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনীপ্রধান শেখ আব্দুল হান্নান

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬(বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাতারে গ্রেফতার হয়েছেন সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।


দুদক সচিব মো. সাইদুর রহমান খান আজ কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।


তিনি বলেন, দুদক গতকাল অনানুষ্ঠানিকভাবে এবং আজ আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের মাধ্যমে শেখ আব্দুল হান্নানের গ্রেফতারের বিষয়টি জানতে পেরেছে। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।


দুদক সচিব বলেন, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ১৪ কোটি আট লাখ ৫৭ হাজার ১৪৫ টাকার অস্বাভাবিক লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।


তিনি বলেন, এসব অভিযোগের সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় ২০২৫ সালের ২৭ জুলাই দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলা দায়ের করা হয়।


দুদক জানায়, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের স্মারকের ভিত্তিতে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি দল গঠন করা হয়। দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকারকে দলনেতা করে এ অনুসন্ধান দল গঠন করা হয়।


পরবর্তীতে দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসানকে মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তের অংশ হিসেবে শেখ আব্দুল হান্নানের কাতার, কানাডাসহ বিভিন্ন দেশে থাকা সম্পদের তথ্য চেয়ে ২০২৬ সালের ২৩ মে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এবং ২১ জুন বাংলাদেশ পুলিশের এনসিবির এআইজির কাছে চিঠি পাঠানো হয়।


দুদক সচিব বলেন, কমিশনের অনুমোদনক্রমে আদালতের আদেশে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। এসব সম্পদের দেখভালের জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে। এছাড়া তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেওয়া হয়।


শেখ আব্দুল হান্নানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সরবরাহে দুদক সব ধরনের উদ্যোগ নিয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুদক সমন্বিতভাবে কাজ করছে।


তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য চাওয়া হচ্ছে, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কাতারের দোহা, সুইজারল্যান্ডসহ বিভিন্ন স্থানে থাকা সংশ্লিষ্ট কার্যালয়গুলোর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে অদূর ভবিষ্যতে ইতিবাচক খবর পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


দুদক সচিব জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18265
Page of