logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৯ অক্টোবর ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসীকল্যাণমন্ত্রী

আকাশপথ স্বাভাবিক হলে দেশে আনা হবে মরদেহ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ অক্টোবর ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসীকল্যাণমন্ত্রী

ঢাকা:

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। তাঁদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বাড়ি কুমিল্লায়। আকাশপথে যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


সোমবার (১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের সুবিধার্থে ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।


মন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মধ্যে একজন সৌদি আরবে অভিবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অন্যজন ওমরাহ পালনের জন্য সেখানে গিয়েছিলেন। তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আকাশপথে যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।


সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার বলে উল্লেখ করা হয়েছে।


সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তারের পর তদন্ত করে অভিযোগ গঠন করে। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারিক প্রক্রিয়া শেষে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়।


তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।


দুই বাংলাদেশির পরিচয়, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়ে এসব বিষয়ে তথ্য চেয়েছে।


এখন পর্যন্ত তাঁদের গ্রেপ্তার, বিচার, আইনজীবী নিয়োগ কিংবা আপিলের সুযোগ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এদিকে বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের সুবিধার্থে ২০০টি ট্রলি হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টদের আশা, এসব ট্রলি যুক্ত হওয়ায় বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনে ভোগান্তি কমবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18254
Page of