কানাইঘাট সীমান্তে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, মদসহ পিকআপ আটক
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১০৭ বোতল ভারতীয় মদ, একটি পিকআপ ভ্যান, ৪০০ কেজি বাংলাদেশি রসুন ও পানসহ মোট ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট ও লোভাছড়া বিওপির আভিযানিক দলগুলো এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছারীগাছা নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দ করা মদ ও পিকআপের আনুমানিক সিজারমূল্য ২১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া একই রাতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি বাংলাদেশি রসুন ও পান জব্দ করে। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ৩৪ হাজার টাকা।
১৯ বিজিবির তথ্যমতে, পৃথক অভিযানগুলোতে সর্বমোট ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা যানবাহন ও মাদকদ্রব্য থানায় এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।