logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ অক্টোবর ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে স্কুলছাত্রী অপহরণ: কোম্পানীগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার ভিকটিম

চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন
সিলেটে স্কুলছাত্রী অপহরণ: কোম্পানীগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার ভিকটিম

সিলেট :

সিলেটের গোলাপগঞ্জ থেকে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এসআরবি-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রীকে তার বসতবাড়ি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় প্রধান আসামি ছাব্বির হোসেনসহ অন্য আসামিরা বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ওই ছাত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


পরে মেয়েকে খুঁজে না পেয়ে তার মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তী সময়ে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও মেয়েকে উদ্ধার করতে না পেরে তিনি গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


ঘটনার পর আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এসআরবি-৯-এর সদর কোম্পানি, সিলেটের একটি অভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পারুয়া মাঝপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে গোলাপগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি ছাব্বির হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয় এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ছাব্বির হোসেন সিলেটের বালাগঞ্জ থানাধীন কায়স্থঘাট চাক (হাড়িয়ারগাঁও) এলাকার গেন্দু মিয়ার ছেলে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা ভিকটিমকে সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবি-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18270
Page of