পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৯ অধিনায়ক, নিরাপত্তা নিশ্চিতে নানা নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দলও।
এসআরবি-৯-এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি (পি) সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক সম্প্রীতি বজায় রেখে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত টহল সদস্য মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিয়মিত পেট্রোল পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে।
এ ছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং সাইবার অপরাধ প্রতিরোধে এসআরবি-৯-এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। সম্ভাব্য নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাদা পোশাকেও ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গত ১৬ অক্টোবর সুনামগঞ্জ, ১৭ অক্টোবর মৌলভীবাজার এবং ১৮ অক্টোবর সিলেট জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৯-এর অধিনায়ক। এর ধারাবাহিকতায় ১৯ অক্টোবর হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন অধিনায়ক। এ সময় তাঁদের মধ্যে মিষ্টি ও পানি বিতরণ করা হয়।
অধিনায়ক জানান, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল তৎপরতা বাড়ানোর পাশাপাশি পূজা উদ্যাপন কমিটিগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বোমা নিষ্ক্রিয়কারী দল প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারি কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি আরও জানান, বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত এসআরবি-৯-এর টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমে বিভিন্ন এলাকার তথ্য সংগ্রহ করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসআরবি-৯ জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করার এ কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যাটালিয়নটি বদ্ধপরিকর।