logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ অক্টোবর ২০২৬ ১২:২৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জাফলং-জৈন্তাপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে উদযাপন, দিনভর আনন্দ-উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘সময় এখন অনলাইন গণমাধ্যমের’—মন্ত্রী আরিফুল হক চৌধুরী
চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ১২:২৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ১২:২৬ অপরাহ্ন
জাফলং-জৈন্তাপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ফ্যামিলি ডে উদযাপন, দিনভর আনন্দ-উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:


‘সাংবাদিকতার ব্যস্ততার মাঝে পরিবার হোক আনন্দের ঠিকানা—একসঙ্গে আমরা, এক পরিবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে-২০২৬ উদযাপিত হয়েছে। কর্মব্যস্ত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জাফলং ও জৈন্তাপুরে দিনব্যাপী এ আয়োজন আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, ‘সময় এখন অনলাইন গণমাধ্যমের।’ অনলাইন গণমাধ্যম দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


শনিবার সকালে ফ্যামিলি ডে অনুষ্ঠানের সূচনাপর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাংবাদিকরা সকাল থেকে রাত পর্যন্ত সংবাদের পেছনে ছুটে বেড়ান। তাঁদের কর্মব্যস্ত জীবনে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের এ আয়োজন সাংবাদিকদের কর্মজীবনে নতুন উদ্দীপনা জোগাবে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও বাড়াবে। এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।


মন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে বর্তমানে সবকিছু ক্রমেই অনলাইননির্ভর হয়ে উঠছে। তাই অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অনেক বেড়েছে। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি সত্য, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরাও জরুরি। সিলেট অনলাইন প্রেসক্লাব সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।


প্রতি বছরের মতো এবারও প্রেসক্লাবের সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে তাঁর নির্বাচনী এলাকা জাফলং ও জৈন্তাপুর ভ্রমণে এসেছেন উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা তাঁরও রয়েছে। সময় করে একদিন তাঁদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল হোসেন আলমগীর, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার।


এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, তথ্যপ্রযুক্তি সম্পাদক কামরুল আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কামাল আহমদ, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদ সদস্য সাদিকুর রহমান চৌধুরীসহ ক্লাবের সাধারণ ও সহযোগী সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা।


জৈন্তাহিল রিসোর্টে দিনভর আনন্দ আয়োজন


ফ্যামিলি ডে-২০২৬-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় জৈন্তাপুরের বাংলাদেশ লাস্ট হাউস জৈন্তিয়া হিল রিসোর্টে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিনব্যাপী আনন্দভ্রমণ, প্রকৃতির রূপ অবলোকন, ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, উপহার ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শিশু, নারী ও ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ঐতিহ্যবাহী ও বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল হাড়ি ভাঙাসহ নানা আনন্দঘন খেলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।


দ্বিতীয় পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি ডা. নুরুল হাসান সিদ্দিকী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ মো. তাহমীম সোবহান বাবু।


এ ছাড়া উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় অন্যান্য সংবাদকর্মী।


পরিবার ও সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময়


সাংবাদিকতার প্রতিদিনের ব্যস্ততা ও কর্মচাপের বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের লোকজন। শিশুদের খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক আয়োজনে পুরো দিনটি হয়ে ওঠে আনন্দমুখর।


আয়োজকেরা মনে করেন, এ ধরনের পারিবারিক আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব বাড়ানোর পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও আন্তরিকতা ও বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18264
Page of