তেলিখাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সম্পন্ন, সমর্থন প্রত্যাশী ৪০ জন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় উপজেলার ৩ নম্বর তেলিখাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান ও সদস্য পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের নামের তালিকা সংগ্রহ করা হয়েছে। সভাকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে সম্ভাব্য নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে তেলিখাল বাজারে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আরজ আহমেদ আনু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনসুর আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আঃ মন্নান মনাফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন ও আহমেদ শাহনেওয়াজ লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশাহ এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের নাম সংগ্রহ করা হয়। এতে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জনের নাম তালিকাভুক্ত হয়েছে। তিনটি পদে মোট ৪০ জন দলীয় সমর্থন প্রত্যাশী নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন।
এতসংখ্যক সমর্থন প্রত্যাশীর নাম তালিকাভুক্ত হওয়ায় তেলিখাল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সভায় বক্তারা বলেন, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
সাংগঠনিক সভায় সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলের সাংগঠনিক অবস্থান, নেতাকর্মীদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।
তেলিখাল ইউনিয়ন বিএনপির এ সভার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করার পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।