logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ অক্টোবর ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের পর্যটন প্রচারে আসছে মোবাইল অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে প্রয়োজনীয় তথ্য

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন
সিলেটের পর্যটন প্রচারে আসছে মোবাইল অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে প্রয়োজনীয় তথ্য

সিলেট : সিলেট জেলার পর্যটনকেন্দ্রগুলোর প্রচার-প্রসার বৃদ্ধি এবং পর্যটকদের কাছে প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দিতে পর্যটন-সম্পর্কিত সব তথ্যসম্বলিত একটি মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে পর্যটন খাতের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মঞ্জুরুল আলম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সহকারী কমিশনার (জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাদ্দেকা বেগম বৃষ্টি।


এ ছাড়া বক্তব্য দেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের (টোয়াস) সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আবদুল ওয়াহেদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামান্ত, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী ও সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আহমদ।


সভায় আরও বক্তব্য দেন সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আহাদ, সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক দেলওয়ার হোসেন রানা ও সদস্যসচিব ফয়জুল হাসান এবং পরিবহন মালিক সমিতির নুর আহমেদ খান সাদেকসহ পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।


সভায় সিলেটের পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনকেন্দ্রগুলোর পরিচিতি বাড়ানো এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত মোবাইল অ্যাপের মাধ্যমে জেলার পর্যটন-সংশ্লিষ্ট তথ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়।


সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটকেরা সিলেটের দর্শনীয় স্থান ও পর্যটন-সংশ্লিষ্ট তথ্য সহজে জানতে পারবেন। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর প্রচার-প্রসার, পর্যটকসেবা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা ও সেবাদানকারীদের মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।


সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে তথ্যপ্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের পর্যটন খাতের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18175
Page of