সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ, ১৪ প্যাকেজের ই-জিপি লটারি উদ্বোধন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জেলা পরিষদের ই-জিপি (e-GP) দরপত্রের ১৪টি প্যাকেজের অনলাইন লটারির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সম্মেলনকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। পরে তাঁর উদ্বোধনে জেলা পরিষদের তালিকাভুক্ত ঠিকাদারদের উপস্থিতিতে e-Tender No. 01/2026-2027-এর ০১ থেকে ১৪ নম্বর প্যাকেজের লটারি অনলাইনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, সহকারী প্রকৌশলী মো. শুয়াইব সরকার, উপসহকারী প্রকৌশলী সিপন কুমার দাস এবং জেলা পরিষদে কর্মরত বিমন, কপিল ঋষি, আজাদ ও রিমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রকল্পের সুবিধাভোগীরাও অনুষ্ঠানে অংশ নেন।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, সুনামগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্পের বিপরীতে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে জেলার প্রতিটি উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও কবরস্থানের উন্নয়নকাজ বাস্তবায়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহায়তা ও প্রণোদনামূলক কর্মসূচি গ্রহণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখবে।
জেলা পরিষদের এসব উদ্যোগের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় অবকাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।