logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ অক্টোবর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
উপশহরে ভোক্তা অধিকারের অভিযান, মেয়াদোত্তীর্ণ পণ্যসহ ধরা পড়ল নানা অনিয়ম

সিলেটে পচা ফলে জুস, পোড়া তেলে খাবার তৈরি! ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন
সিলেটে পচা ফলে জুস, পোড়া তেলে খাবার তৈরি! ৫ প্রতিষ্ঠানকে  জরিমানা

সিলেট : সিলেট নগরের উপশহর এলাকায় পচা ও নষ্ট ফল দিয়ে জুস তৈরি, খাবার প্রস্তুতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের উপশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


অভিযান সূত্রে জানা যায়, শাহজালাল জুস অ্যান্ড কফি কর্নারে পচা ও নষ্ট ফল দিয়ে জুস তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, খাবার তৈরিতে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পোড়া তেল ব্যবহার এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরির অভিযোগে জান্নাত লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে পিয়াইন ফুড অ্যান্ড জুস বারকে ৫ হাজার টাকা, খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রিতে অনিয়মের অভিযোগে রায়হান জুস অ্যান্ড কফি কর্নারকে ৫ হাজার টাকা এবং পণ্যের গায়ে মেয়াদসংক্রান্ত সঠিক তথ্য না থাকায় খাজা বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


সব মিলিয়ে অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযান শেষে সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিলেটজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


তিনি ব্যবসায়ীদের পচা ও নষ্ট ফল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবার তৈরিতে অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেন।


ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে খাদ্যপণ্যের মান, সংরক্ষণব্যবস্থা ও মেয়াদ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত বাজার তদারকির ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18173
Page of