logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৬ অক্টোবর ২০২৬ ০২:১৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জামালগঞ্জে দুর্যোগ মোকাবিলায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ অক্টোবর ২০২৬ ০২:১৭ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ অক্টোবর ২০২৬ ০২:১৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে দুর্যোগ মোকাবিলায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় মানুষের প্রস্তুতি জোরদার করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার সাফিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় এবং ইএলএসআরপি প্রকল্প ও কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য ওলিউল্লাহ সরকার, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিজয় সিং, ইউপি সদস্য মো. মমিন মিয়া এবং প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক। এ সময় কারিতাসের সদর ইউনিয়নের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।


মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন নিয়ন্ত্রণ, জরুরি উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


হাওরবেষ্টিত সুনামগঞ্জে বন্যা ও বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। বিশেষ করে হাওরে কৃষিকাজে নিয়োজিত মানুষের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বজ্রপাতের সময় খোলা মাঠ কিংবা গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ পাকা ভবন বা নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়।


সংশ্লিষ্টদের মতে, নিয়মিত প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক মহড়া ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় মানুষের সক্ষমতা বাড়ানো সম্ভব। আগাম প্রস্তুতি, সঠিক করণীয় সম্পর্কে জ্ঞান এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18182
Page of