logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ অক্টোবর ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নৌকাগুলোর আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা, ভ্যাট-আয়করসহ সরকারি কোষাগারে জমা ১ লাখ ৭৭ হাজার ৬৩৪ টাকা

জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযানে প্রায় ৭৩টি বার্কি নৌকা ধ্বংস করা হয়েছে। এসব নৌকার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা। একই অভিযানে অবৈধভাবে মজুত করা ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু স্পট নিলামে বিক্রি করে ভ্যাট ও আয়করসহ মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীপুর ও মিনাটিলা বিওপির সদস্যরা অংশ নেন।


অভিযান সূত্রে জানা গেছে, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৭৩টি বার্কি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এসব নৌকার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।


অভিযানকালে রাংপানি নদীর আদর্শগ্রাম ঘাটে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫২০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় মজুত করা ৬ হাজার ৯৬৬ ঘনফুট বালু স্পট নিলামে বিক্রি করা হয়। দুই স্থান থেকে মোট ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু বিক্রি করে ১ লাখ ৪২ হাজার ১০৮ টাকা পাওয়া যায়।


এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট বাবদ ২১ হাজার ৩১৬ টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ১৪ হাজার ২১০ টাকা আদায় করা হয়। সব মিলিয়ে নিলামমূল্য, ভ্যাট ও আয়করসহ মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।


প্রশাসন সূত্রে জানা গেছে, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ও কার্যক্রম আগামী এক দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নদীর পাড় কেটে বালু উত্তোলন বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগও চলছে।


নদী ও পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আগামী শনিবার বিকেল ৪টায় মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। সভায় পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং বার্কি ও পরিবহন শ্রমিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।


অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের চলমান কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18170
Page of