logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৬ অক্টোবর ২০২৬ ০২:১৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ১০৯ মণ্ডপ

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ অক্টোবর ২০২৬ ০২:১৫ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ অক্টোবর ২০২৬ ০২:১৫ পূর্বাহ্ন
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ১০৯ মণ্ডপ

মৌলভীবাজার প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।


বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পাঁচটি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির কর্মকর্তারা। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।


পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।


এদিকে সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন।


৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন জানান, শারদীয় দুর্গাপূজা ঘিরে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে বিজিবি সতর্ক থেকে দায়িত্ব পালন করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18181
Page of