কোম্পানীগঞ্জে ৪২ বোতল বিদেশি মদসহ তিনজন গ্রেপ্তার
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর এলাকার মেসার্স ধলাই ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওড়া পূর্ব খণ্ড এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ফারহান আহমেদ (২১), ভোলা জেলার উত্তর দীঘলদি এলাকার মৃত রবিউল আলমের ছেলে ইমরান শেখ (২৪) এবং মাগুরা জেলার শ্রীপুর থানার চন্দ্রপ্রতাপ এলাকার মৃত বিল্লাল হোসেনের মেয়ে খাদিজা হোসেন (১৮)।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে কোম্পানীগঞ্জের হাইটেক পার্কের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, সাদা পাথর এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একটি অটোরিকশাযোগে কোম্পানীগঞ্জ থানা বাজারের দিকে যাচ্ছে। পরে সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে ইসলামপুর এলাকার মেসার্স ধলাই ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা তিনটি স্কুলব্যাগ ও দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।