logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গত সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: ডা. শফিকুর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন
গত সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: ডা. শফিকুর রহমান

সিলেট :

গত সাত মাসে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশে চাঁদাবাজি, ছিনতাই ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। সরকার প্রায়ই দাবি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। কিন্তু বাস্তবে পথেঘাটে, রাস্তায় ও বিভিন্ন স্থানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেটিকে ভালো বলা যায় না।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রণালয়কে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। মাদক ও অস্ত্রের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।


সিলেটে চাঁদাবাজি নেই—এমনটা বলা যাবে না উল্লেখ করে জামায়াত আমীর বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে এসব বিষয় তুলে ধরতে পারলে প্রকৃত পরিস্থিতি সামনে আসবে। সাংবাদিকেরা অনেক সময় চাপের মধ্যে কাজ করেন বলেও মন্তব্য করেন তিনি।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী বলা হলেও একটি নির্বাচনের সময়সূচি ঘোষণা করার পর তা পেছানো হয়েছে। তিনি প্রশ্ন করেন, নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী হলে নির্বাচনের সিদ্ধান্তে এ ধরনের পরিবর্তন কেন করা হলো। এ প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলেও মন্তব্য করেন।


জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, এরই মধ্যে এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও পরিবহন খাতে পড়েছে। জ্বালানি বিষয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ সরকার গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি। একইভাবে বিদ্যুৎ খাত নিয়ে জামায়াতের দেওয়া পরিকল্পনাও সরকার গ্রহণ করেনি বলে জানান।


জামায়াতের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তারা কর্মসূচি পালন করলেও আগুন দেওয়া বা ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়িত নয়। সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


রোহিঙ্গা সংকট প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, রোহিঙ্গাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই এ সংকটের স্থায়ী সমাধান। একা বাংলাদেশের পক্ষে এ সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ কামনা করেন।


সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিলেট-ঢাকা মহাসড়ক, শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাম পরিস্থিতি ও বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ডা. শফিকুর রহমান।


মতবিনিময় সভায় সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-ঊন-নূর, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17885
Page of