logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালপুর, লক্ষীপুর ও কামিনীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বায়ুদূষণের দায়ে চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্টোন ক্রাশার মেশিন পরিচালনার মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।


জরিমানাপ্রাপ্তদের মধ্যে লালপুর এলাকার মো. সোলায়মানকে ১ লাখ টাকা, লক্ষীপুর এলাকার মো. মত্তুর্জা আলীকে ১ লাখ টাকা, কামিনীপুর এলাকার মো. হোসেনকে ১ লাখ টাকা এবং একই এলাকার সফিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক।


অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। বিধিমালা লঙ্ঘন করে পরিবেশ দূষণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আসআদ, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন, জামালগঞ্জ থানার পুলিশ সদস্য, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।


পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17893
Page of