logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ওসমানী বিমানবন্দরে এয়ারগানের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত, আনসার সদস্য অপসারণ

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত, আনসার সদস্য অপসারণ

সিলেট:

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়ানোর কাজে ব্যবহৃত এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে এক পরিচ্ছন্নকর্মী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট আনসার সদস্য মো. মোজাম্মেল হককে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়ানোর দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়ে এলাকায় পাখি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. মোজাম্মেল হক (শুটার) ও বিমানবন্দরের ক্লিনার মো. রুবেল মিয়া।


প্রাথমিকভাবে জানা যায়, দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে গাড়িতে অবস্থানকালে মোজাম্মেল হক পাখি নিয়ন্ত্রণে ব্যবহৃত এয়ারগানে সীসার কার্তুজ লোড করেন। পরে গাড়ি থেকে রানওয়েতে নামার সময় লোড অবস্থায় থাকা এয়ারগানটি গাড়ির দরজার সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লাগলে সেটি ফায়ার হয়।


এ সময় এয়ারগান থেকে বের হওয়া সীসার কার্তুজ গাড়ির সিট ভেদ করে সামনের আসনে থাকা ক্লিনার মো. রুবেল মিয়ার কোমরের বাম পাশে আঘাত করে।


ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আহত রুবেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, তার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিলেট জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, বিমানবন্দরের রানওয়েতে পাখি নিয়ন্ত্রণ বা তাড়ানোর কাজে এয়ারগানটি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবহৃত হয়ে আসছে। তবে এ ধরনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তাবিধি অনুসরণ নিশ্চিত করতে ভবিষ্যতে আরও গুরুত্ব দেওয়া হবে।


এদিকে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, গুলি লাগার ঘটনাটি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত ঘটেছে। পরিচ্ছন্নকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়।


তিনি আরও বলেন, এ ঘটনায় নিয়মের কোনো ব্যত্যয় বা গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17887
Page of