logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট-ঢাকা নন-এসি ৭৯০, এসি ১,৭০০ টাকা

সিলেটে আবারও বাড়ল বাসভাড়া, নতুন তালিকা প্রকাশ

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন
সিলেটে আবারও বাড়ল বাসভাড়া, নতুন তালিকা প্রকাশ

সিলেট:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে সিলেট অঞ্চলের বিভিন্ন রুটে আবারও বেড়েছে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার ও আন্তঃজেলা রুটে ডিজেলচালিত বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা। নতুন ভাড়া ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।


তবে গ্যাস, অকটেন ও পেট্রোলচালিত যানবাহনের ভাড়া বাড়ানো হয়নি। এসব জ্বালানিতে চলাচলকারী বাসের আগের ভাড়াই বহাল রয়েছে।


নতুন ভাড়ায় সিলেট-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ১০০ টাকা বেড়েছে। ফলে নন-এসি বাসে যাত্রীপ্রতি ভাড়া ৭৯০ টাকা এবং এসি বাসে ১ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


সিলেটের বিভিন্ন রুটে নতুন ভাড়া


বিআরটিএর সিলেট সার্কেলের তালিকা অনুযায়ী, সিলেট-সুনামগঞ্জ রুটের দূরত্ব ৫৯ কিলোমিটার। এ পথে ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ভাড়া ১৪২ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।


সিলেট-জকিগঞ্জ (ভায়া বারইগ্রাম-সুতারকান্দি) ৮৯ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ভাড়া ২১৪ টাকা এবং ৫১ আসনের বাসে ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৯ কিলোমিটার সিলেট-ছাতক রুটে ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ভাড়া ৭০ টাকা।


টোলযুক্ত রুটগুলোতে টোলের অর্থ যুক্ত করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭৫ কিলোমিটার সিলেট-দিরাই রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ভাড়া ২১৫ টাকা এবং ৫১ আসনের বাসে ২৬৫ টাকা।


সিলেট-কুলাউড়া (ভায়া ফেঞ্চুগঞ্জ) ৬১ কিলোমিটার রুটে ৬৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ১৪৬ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮৬ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।


সিলেট-শেরপুর ৩৭ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৮৯ টাকা ও ৫১ আসনের বাসে ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সিলেট-বিশ্বনাথ (ভায়া রামপাশা) ২৪ কিলোমিটার রুটে ৬ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৫৮ টাকা ও ৫১ আসনের বাসে ৭৪ টাকা ভাড়া করা হয়েছে।


এ ছাড়া সিলেট-শ্রীমঙ্গল (ভায়া মৌলভীবাজার) ৮৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৯৯ টাকা ও ৫১ আসনের বাসে ২৫৪ টাকা, সিলেট-জাফলং (ভায়া তামাবিল) ৫৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৩৯ টাকা ২০ পয়সা ও ৫১ আসনের বাসে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


সিলেট-গোয়াইনঘাট (ভায়া সালুটিকর) ৩৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ৯১ টাকা ও ৫১ আসনের বাসে ১১৬ টাকা এবং সিলেট-মৌলভীবাজার (ভায়া ফেঞ্চুগঞ্জ ও মুন্সিবাজার) ৬৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৫১ টাকা ও ৫১ আসনের বাসে ১৯৩ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ২৭ কিলোমিটার সিলেট-চন্দরপুর রুটে ৪০ আসনের বাসে ৬৫ টাকা এবং ৫১ আসনের বাসে ৮৩ টাকা ভাড়া ধরা হয়েছে।


এ বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু বলেন, বাসগুলোকে সরকারের নির্ধারিত হারেই যাত্রীসেবা দিতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি বলেন, ভাড়া বাড়ার পর বাসের চালক-হেলপার ও যাত্রীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়। কয়েকদিন গেলে এ সমস্যা সমাধান হয়ে যায়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17886
Page of