logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের শিক্ষা ও কর্মসংস্থানের পিছিয়ে পড়া মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন
সিলেটের শিক্ষা ও কর্মসংস্থানের পিছিয়ে পড়া মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট:

সিলেট বিভাগের শিক্ষা ও কর্মসংস্থানে পিছিয়ে থাকার কারণ চিহ্নিত করে তা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিলেটের মানুষের মেধা ও সক্ষমতার কোনো ঘাটতি নেই; প্রয়োজন সঠিক নেতৃত্ব, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুণগত শিক্ষার প্রসার’ শীর্ষক সেমিনার ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বিভাগভিত্তিক সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে। শহর ও গ্রামীণ উভয় জনপদেই জাতীয় গড়ের তুলনায় সিলেটের অবস্থান নিচে। বিদ্যালয়ের সংখ্যা, পাসের হার, প্রাথমিক শিক্ষার মান এবং শিক্ষার্থীদের রিডিং ও নিউমেরেসি দক্ষতার ক্ষেত্রেও এ পিছিয়ে থাকা দৃশ্যমান।


সিলেটের মানুষের সক্ষমতার কোনো ঘাটতি নেই উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের মানুষ নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। ফলে এ অঞ্চলের পিছিয়ে থাকার কারণ মেধার ঘাটতি নয়; বরং অবকাঠামোগত সমস্যা, নেতৃত্বের দুর্বলতা ও অন্যান্য কাঠামোগত কারণ এর সঙ্গে জড়িত।


তিনি বলেন, আগামী দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের রিডিং, নিউমেরেসি ও মৌলিক বিষয়গুলোর প্রয়োজনীয় দক্ষতা নিশ্চিত করতে হবে। শিক্ষকসংখ্যা, বিদ্যালয়ের প্রয়োজনীয়তা এবং শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন কাঠামোগত বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।


অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পর্যাপ্ত খাবার না খেয়ে বিদ্যালয়ে আসে উল্লেখ করে মন্ত্রী শিক্ষার্থীদের জন্য মিডডে মিলের প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি রিডিং ও নিউমেরেসি দক্ষতা বৃদ্ধিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি।


সিলেটে কারিগরি শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত। এ অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসারে নতুন করে গুরুত্ব দেওয়া হবে।


তিনি বলেন, বিদেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সিলেটে একটি এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা সম্ভব হবে। সিলেটে অনেক ফ্রিল্যান্সার রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এটি এ অঞ্চলের সম্ভাবনার প্রমাণ। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে এ সম্ভাবনাকে আরও কাজে লাগাতে হবে।


মন্ত্রী আরও বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের সমস্যার সঙ্গে বিভিন্ন সামাজিক সমস্যারও যোগসূত্র রয়েছে। আর্থিক সংকটের কারণে কিছু পরিবার অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এ ধরনের সামাজিক সমস্যা থেকে বেরিয়ে আসতে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।


সিলেটকে এ পরিস্থিতি থেকে বের করে আনতে কার্যকর ও শক্তিশালী নেতৃত্বের পাশাপাশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা অজন্তা শুক্লার সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন, সিলেট চ্যাপ্টারের সভাপতি ডা. জিয়াউর রহমান চৌধুরী, দি এইডেড হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি বদরুজ্জামান সেলিম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা দে এনি।


অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সিলেট বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17888
Page of