logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাস উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন
সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাস উদ্বোধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজারে হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা লিমিটেড’-এর নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করা হয়েছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ছাত্রাবাসটির উদ্বোধন করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ছাত্রাবাসটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফিজ ফখরুদ্দীন ছাহেবজাদায়ে ফুলতলী।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। একটি সমাজ কতটা উন্নত, তা বোঝা যায় সেই সমাজ এতিম ও অসহায় শিশুদের কতটা আগলে রাখছে তার মাধ্যমে।


তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এতিমের দায়িত্ব গ্রহণকারীর মর্যাদা সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। পনাউল্লাহ বাজারে যে ছাত্রাবাসের উদ্বোধন হলো, এটি শুধু ইট-পাথরের চার দেয়াল নয়; বরং এটি নিরাপদ আশ্রয় হিসেবে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে হাফেজ ও সুনাগরিক তৈরি হবে, যারা ভবিষ্যতে সমাজকে আলোর পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, যারা সুদূর প্রবাসে থেকে নিজেদের কষ্টার্জিত অর্থ ও শ্রম দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সহযোগিতা করেছেন, মহান আল্লাহ যেন তাদের এই দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।


হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার সভাপতি নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব মুফতি একেএম মনোওর আলী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির, আজাদ মেম্বার, ছৈফুল আলম, আলাউর রহমান, ছৈদ আলী, রাজন মিয়া, ইছাক আলী ও গোলাব মিয়াসহ অনেকে।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান তামীম। পরে নাতে রাসূল পরিবেশন করেন রাহীম আহমদ।


উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, যুক্তরাজ্য কমিটির প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি, প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


উল্লেখ্য, পনাউল্লাহ বাজারের এই মাদ্রাসা ও ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’কে ঘিরে এর আগে স্থানীয় সংবাদমাধ্যমে নামকরণ, পরিচালনা ও অর্থের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের খবর প্রকাশিত হয়েছিল। সংশ্লিষ্ট একটি প্রতিবেদনে এসব বিষয়ে স্থানীয় ও প্রবাসীদের একাংশের প্রশ্নের কথা তুলে ধরা হয়; তবে এসব অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে—এমন কোনো আদালতের রায় বা সরকারি তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17884
Page of