logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

সিলেট :

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-ছাগল, মাদক, কসমেটিকস, আতশবাজিসহ প্রায় ৭৮ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। একই অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকি নৌকাও জব্দ করা হয়।


শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, লবিয়া, কালাইরাগ, সোনারহাট ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।


বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ গরু, ছাগল, জিরা, কসমেটিকস, সানগ্লাস, চকলেট, আতশবাজি, ফুচকা, ফল, বিড়ি, চিপস, কিসমিস, জুস ও মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ সময় ইয়াবাসহ দুজন আসামিকেও আটক করা হয়েছে।


এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন এবং নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকি নৌকা আটক করা হয়।


বিজিবির তথ্যমতে, এসব অভিযানে জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।


তিনি আরও বলেন, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17456
Page of