ছাতকে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক শহরে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নির্ধারিত স্থানে রাখা, অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো বন্ধসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
তিনি বলেছেন, ১৮ বছরের কম বয়সী কোনো চালক গাড়ি চালাতে পারবে না। কেউ এ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ছাতক শহরে ‘যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, ছাতক শহরের পুরাতন বাসস্ট্যান্ড, পয়েন্ট এলাকাসহ বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা যত্রতত্র রাখা যাবে না। নির্ধারিত স্থানে গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে। এতে শহরের যানজট কমার পাশাপাশি পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে স্বস্তি ফিরবে।
তিনি বলেন, গাড়িচালক ও যাত্রীদের সুবিধার্থে সিএনজি স্ট্যান্ডের আরও উন্নয়ন করা হবে। স্ট্যান্ডে মাটি ভরাট, টয়লেট নির্মাণ, যাত্রী ছাউনি স্থাপন এবং সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হবে।
শহরে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, এগুলোকে দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা প্রয়োজন। এ জন্য গাড়িচালক, মালিক, শ্রমিক সংগঠন ও প্রশাসনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত, ট্রাফিক টিএসআই বাবুল আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুল।
এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা সমিতির মকবুল হোসেন ও ফজলু মিয়া এবং ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির আশরাফুল হক খেলন ও ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট শ্রমিক নেতারা বক্তব্য দেন।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ডা. আফসার উদ্দিন, ব্যবসায়ী কমিটির সভাপতি সাইদুল আলম মধু, বিএনপি নেতা আব্দুস সালাম নোমান, জাহেদুল ইসলাম আবাব, মাওলানা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিএনপি নেতা মো. মনির উদ্দিন, কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, খায়ের উদ্দিন, আবুল হোসেন, রাসেল মাহমুদ, ফয়জুল আহমদ পাবেল, নোমান ইমদাদ কানন, ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক মাহবুব হোসেন, এস এম সায়েম আহমদ, মাহবুবুল আলম, সাংবাদিক মোশাররফ হোসেন, সাকির আমিন, তানভীর আলম জাকির, জামরুল ইসলাম রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় শ্রমিক সংগঠনের ফয়ছল আহমদ, সাজিদুর রহমান, রুয়েল আহমদ, সিরাজ মিয়া ও জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সরকারি ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।