শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে চার পরিবারের বসতঘর, ধান-চাল, আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক দুর্ভোগ লাঘবে দেবগ্রামে গিয়ে সহায়তা প্রদান করে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চার পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে চার বান্ডিল করে ঢেউটিন এবং প্রতি বান্ডিলের জন্য ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রুবেল আহমেদ, উপজেলা বিএনপির কর্মী খসরু মিয়া ও জাহাঙ্গীর মিয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেবগ্রামে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চার পরিবারের বসতঘরে। এতে ঘরবাড়ি, ধান-চাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।
অগ্নিকাণ্ডের পরদিনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে জরুরি খাদ্যসহ ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।