উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে: বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গ্রুপিং বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয় থাকা উচিত নয়। সরকার যেসব উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছে, সেগুলোর সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্যক্তি পছন্দের নাকি অপছন্দের—এটি মুখ্য বিষয় নয়; উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’-এর সৌজন্যে উপকারভোগীদের মধ্যে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন জনগণের জন্য। তাই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যাতে সাধারণ মানুষ পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহসম্পাদক জাহাঙ্গীর আলম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে বিশ্বনাথ উপজেলার ৭৫০ জন উপকারভোগীর মধ্যে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়।