logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৫ আগস্ট ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জে বাস উল্টে খাদে, নারী নিহত; আহত ২০

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জে বাস উল্টে খাদে, নারী নিহত; আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল বাস উল্টে খাদে পড়ে শিউলী রানি (২৪) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।


নিহত শিউলী রানি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর এলাকার গোবিন্দ দাসের স্ত্রী।


সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সিলেট থেকে একটি লোকাল বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।


দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বাসের জানালার কাচ ভেঙে আহত যাত্রীদের বের করে আনেন। পরে গুরুতর আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।


এ সময় বাসের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই শিউলী রানি মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


আহতদের মধ্যে কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।


সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, নিহত নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।


এদিকে, একই দিন সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার ডাবর এলাকায় বাসচাপায় উজ্জ্বল হোসেন নামে এক আনসার সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে একই দিনে জেলার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটল।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17193
Page of