logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২০ আগস্ট ২০২৬ ০৩:৩৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের মামলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

চ্যানেল জৈন্তা নিউজ ২০ আগস্ট ২০২৬ ০৩:৩৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২০ আগস্ট ২০২৬ ০৩:৩৪ অপরাহ্ন
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বিশ্বনাথ প্রতিনিধি :


সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার এসআই বাবুল সিংহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার নম্বর-১৬, তারিখ ১৯ আগস্ট ২০২৬।


মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সম্প্রতি ঘোষিত উপজেলা কমিটির অন্যান্য নেতাকর্মীদেরও মামলায় আসামি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।


মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া (২২)কে গ্রেপ্তার করে। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নয়ন পৌর শহরের উত্তর মশুলা (জানাইয়া) গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে থেকে লামাকাজী-টু-বিশ্বনাথ সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার ব্যানারে মশাল হাতে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে গত ১৭ আগস্ট থেকে ওই মিছিলের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


পুলিশের অভিযোগ, মিছিলের মাধ্যমে সরকারি কার্যক্রম ব্যাহত করা, উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও এতে অর্থায়ন এবং অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতার মতো কার্যক্রমে অভিযুক্তরা জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেছে।


মামলা ও একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


তিনি আরও বলেন, মামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এজাহারনামীয় আসামি নয়ন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17096
Page of